কুড়িগ্রামে ধান ক্ষেতে ভারতীয় নাগরিকের লাশ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১১:৩৩
 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ধান ক্ষেতের ভিতরে এক ভারতীয় নাগরিকের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- কেউ তাকে হত্যা করে লাশ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে গেছে।
 
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকালে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের বিলে একদল কৃষক ধান কাটতে যায়। এসময় তারা ধান ক্ষেতের ভিতরে ওই লাশ পড়ে থাকতে দেখেতে পায়।
 
স্থানীয়রা আরও জানায়, নিহতের নাম সাইফুর ওরফে রফিজ (৫০)। তিনি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামের আব্দুল আজিজ মৌলভির ছেলে। তার পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট এবং শরীরে জখমের চিহ্ন রয়েছে। তিনি চোরাকারবারের সাথে জড়িত বলেও স্থানীয়রা জানিয়েছে।
 
বাগভাণ্ডার ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার জাকির হোসেন ও পুলিশের এস আই জালাল আহম্মেদ জানান, লাশটি ভারতীয় নাগরিকের। লাশটি শনাক্ত করার জন্য বিএসএফকে খবর দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান