চট্টগ্রামে খেলা হচ্ছে অথচ ঘরের ছেলে তামিম ইকবাল খেলছে অন্য দলের হয়ে। তারপরও তিনি নিজেকে কিছুটা ভাগ্যবান বলেই মনে করছেন বাঁহাতি ওপেনার। কারণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের সাথে কুমিল্লার কোনো ম্যাচ নেই। তবে নিজেকে ‘ঘরের ছেলে’ দাবি করে তামিম বলেন, ‘আমি যে দলেই খেলি না কেন, আশা করি চট্টগ্রামের মানুষের সমর্থন পাব। আর বাংলাদেশের দর্শকদের ভালো ব্যাপার হলো, এরা ভালো ক্রিকেটকেই সমর্থন করে। এটা দারুণ জিনিস।’
বিপিএলের চলতি আসরে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ তামিম। এমনকি নিজের ব্যাটিং নিয়েও স্বস্তি নেই তার। কারণ হিসেবে এক টিমে পাঁচজন বিদেশি ক্রিকেটার থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেও একে অজুহাত হিসেবে মানতে নারাজ তিনি।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে তামিম সাংবাদিকদের বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে বলবো আমরা যতোটা ভালো খেলেছি, তার চেয়ে ভালো করা উচিত ছিলো। এই বিষয়ে কথা বলতে গেলে বারবার পাঁচজন বিদেশির কথা এসে যাচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, পাঁচজন বিদেশির কারণে যে সব স্থানীয় ক্রিকেটার উপরের দিকে ব্যাটিং করতে পারতো, তাদেরকে শেষমেশ নিচে ব্যাটিং করতে হচ্ছে।
তবে পাঁচজন বিদেশির কারণে দেশিরা খারাপ খেলবে, এটা কোনো অজুহাত হতে পারে না বলেই তামিম মনে করেন। বলেন, আমার মনে হয় তারা (দেশের ব্যাটসম্যানরা) যেমন খেলেছে, তাদের আরো ভালো খেলা উচিত ছিলো। এক্ষেত্রে আমি আমার কথাই বলতে পারি। আমি নিজের কাছে আরো ভালো কিছু আশা করি, যা আমি করতে পারিনি।’
এবারের বিপিএলে পয়েন্ট তালিকায় এখনো শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচের ৫টিতে জিতে তাদের পয়েন্ট ১০। কুমিল্লার পরই যথাক্রমে ঢাকা, খুলনা ও সিলেটের অবস্থান; কিন্তু এই চারটি দলই যে শেষ চারে জায়গা করে নেবে সেটা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি বলে মনে করেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম, ‘আমার কাছে মনে হয়, শেষ চারে কারা যাবে এটা নির্ভর করবে বেশ কয়েকটা খেলার ফলাফলের উপর।
এখন পর্যন্ত বিপিএল প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এখন পয়েন্ট টেবিলের যে অবস্থা, তা চেঞ্জ হয়ে যেতে পারে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে। যারা টপে আছে, তাদের জন্য স্বস্তিকর অবস্থা থাকবে, কারণ তারা প্রথম অর্ধেকে ভালো খেলেছে। আর আমাদের দলের কথা বললে বলবো যে, আমরা খুব ভালো খেলেছি। আমরা মোমেন্টামটা ধরে রাখতে চাই। এভাবেই এগোতে চাই।’
পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় চ্যাম্পিয়নশিপ নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তামিম বলেন, ‘দেখেন, চ্যাম্পিয়নশিপ নিয়ে সবারই ভাবনা থাকে। আমরাও ব্যতিক্রম নই। আমরা টিম করেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই; কিন্তু এখন থেকে চিন্তা করলে কঠিন। প্রথমে আমাদের টপ ফোরে কোয়ালিফাই করতে হবে, তারপর ফাইনালে যেতে হবে, তারপর চ্যাম্পিয়নশিপের চিন্তা। সব দলের চিন্তাই এমন। কেউ কিন্তু অন্য কারণে দল করে না।’
ইত্তেফাক/এমআর
