সোহরাওয়ার্দীতে চলছে আনন্দ শোভাযাত্রা, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:২৬
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় জেলা, উপজেলা পর্যায়ে, বিদেশে বাংলাদেশের মিশনগুলো আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে আজ শনিবার। 
 
এরইমধ্যে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দ শোভাযাত্রার মূলপর্ব শুরু হয়েছে।  
 
বেলা ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর শোভাযাত্রাটি শুরু হয়। এরপর দুপুর ১টার দিকে সোহরাওয়ার্দীতে সেটা সমবেত হয়।
 
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর, ক্রীড়া সংগঠন ও খ্যাতিমান ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, এনজিও, স্কাউটস ও রোভার, পুলিশের সুসজ্জিত ঘোড়া, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত বাদক দল, সুসজ্জিত ঘোড়ার গাড়ি এবং সর্বস্তরের জনতার অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে।
 
ইত্তেফাক/আনিসুর