অসি অধিনায়ক স্টিভেন স্মিথের অসাধারণ সেঞ্চুরিতে অ্যাশেজ সিরিজে ব্রিজবেন টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থায় স্বাগতিক অস্ট্রেলিয়া। স্মিথের অপরাজিত ১৪১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩২৮ রান সংগ্রহ করে অসিরা। প্রথম ইনিংসে ৩০২ রান করেছিলো ইংল্যান্ড। ফলে স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংস থেকে ২৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দিন শেষে ২ উইকেটে ৩৩ রান তুলেছে ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে এখন মাত্র ৭ রানে এগিয়ে ইংলিশরা।
IMG0
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬৫ রান তুলেছিলো অস্ট্রেলিয়া। টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরি তুলে ৬টি চারে ১৪৮ বল মোকাবেলায় ৬৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তার সঙ্গী মার্শের সংগ্রহ ছিলো ৪৪ রান। তৃতীয় দিন মার্শ ৫১ রান করে ফিরলেও নিজের টেস্ট ক্যারিয়ারের ২১তম ও ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন স্মিথ। ২৬১তম বলে তিন অংকে পা দেন স্মিথ। নিজের ক্যারিয়ারে এবং ১৯৯৩ সালের পর অ্যাশেজে কোন অস্ট্রেলিয়ান হিসেবেও সবচেয়ে বেশি বল মোকাবেলা করে সেঞ্চুরির স্বাদ নেন তিনি।
সেঞ্চুরির পর নিজের ইনিংসটাকে বড় করেছেন স্মিথ। তাই প্রথম ইনিংসে লিড পায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত সতীর্থরা সকলে আউট হলে ৩২৮ রানে গুটিয়ে যায় অসিদের ইনিংস। তবে ১৪টি চারে ৩২৬ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন স্মিথ। শেষদিকে নয় নম্বরে নেমে ৪২ রানের ইনিংস খেলেন প্যাট কামিন্স। ইংল্যান্ডের ব্রড ৩টি উইকেট নেন।
IMG1
২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের বোলিং তোপে ৩৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ৭ ও জেমস ভিন্স ২ রান করে হ্যাজেলউডের শিকার হন। মার্ক স্টোনম্যান ১৯ ও অধিনায়ক জো রুট ৫ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড : ৩০২ ও ৩৩/২, ১৬ ওভার (স্টোনম্যান ১৯*, কুক ৭, হ্যাজেলউড ২/১১)।
অস্ট্রেলিয়া : ৩২৮/১০, ১৩০.৩ ওভার (স্মিথ ১৪১*, মার্শ ৫১, ব্রড ৩/৪৯)। বাসস।
ইত্তেফাক/রেজা
