উত্তরায় কলেজ ছাত্রসহ দুইজনের লাশ উদ্ধার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২১:১৩
রাজধানীর উত্তরায় শনিবার কলেজ ছাত্রসহ দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তারা হলেন- আবুল বাশার (৭০) ও কলেজ ছাত্র তাসফিউজ্জামান (২১)। আজ সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়িতে আবুল বাশার নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ তার স্ত্রী শারমিন ফেরদৌসের বরাতে জানিয়েছে, বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে বাশার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 
 
অপর দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৩/বি নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে কলেজ ছাত্র তাসফিউজ্জামান ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। 
 
জানা গেছে, তাসফিউজ্জামানের বাবার নাম সারোয়ারুজ্জামান। তাসফিউজ্জামান পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতো, স্থানীয় একটি কলেজে এ-লেভেলের ছাত্র ছিল। তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তাসফিউজ্জামান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
 
ইত্তেফাক/এমআই