বড় জয়ে অ্যাশেজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১২:১৪
অস্ট্রেলিয়ার জয়টা অনুমিতই ছিল। বড় রকমের কোনো বিপর্যয় না ঘটলে সোমবার ব্রিসবেনে প্রথম সেশনেই ম্যাচ শেষ হওয়ার কথা। হলোও তাই। এক ঘণ্টার মধ্যেই কোনো উইকেট না হারিয়েই জয়ের জন্য বাকি থাকা ৫৬ রান তুলে নিলেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। তাই ১০ উইকেটের বড় জয় দিয়েই অ্যাশেজ সিরিজ শুরু করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। ১৯৯০-৯১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার কাছে এই মাঠে ইংল্যান্ড ১০ উইকেটে হারল।
 
জয়ের জন্য দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য নির্ধারিত হয় ১৭০ রানের। ওপেনিং জুটিতেই ওয়ার্নার-বেনক্রফট ১১৪ রান তুলে রবিবার দ্বিতীয় দিনশেষ করেন। বাকি কাজটা সোমবার ভোরে শেষ করেন। ওয়ার্নার ৮৭ ও বেনক্রফট ৮২ রান করে অপরাজিত থাকেন।
IMG0
এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩০২ ও অস্ট্রেলিয়া ৩২৮ রান করে। এরপর রবিবার চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায়। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নির্ধারিত হয়।
 
লজ্জাজনক এই হারে অসন্তুষ্ট ইংলিশ অধিনায়ক জো রুট। তিনি বলেন, আমরা এই ম্যাচে হেরে যাওয়ায় অত্যন্ত হতাশ। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জয়ের জন্য আমরা এখানে এসেছিলাম। প্রথম তিনদিন আমরা ছিলাম দুর্দান্ত।
 
ইত্তেফাক/কেআই