পাবনার ঈশ্বরদীতে এসিড নিক্ষেপের দায়ে আয়তাল হক (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শরনিম আকতার এই রায় দেন। মামলার রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার মূলাডুলি গ্রামের আজিম উদ্দিনের মেয়ে নাসিমা আকতার নাসরিনকে (৩০) একই এলাকার আয়নাল হকের ছেলে আয়তাল হক প্রেমের প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় নাসিমার মুখে ও শরীরে এসিড নিক্ষেপ করেন আয়তাল।
এ ঘটনায় নাসিমার মা জাহেদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১০ সালের ২১ জানুয়ারি এসআই মোহাম্মদ আলী আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
ইত্তেফাক/আরকেজি
