জঙ্গিনীতির কারণেই খালেদা জিয়াকে রাজনীতি-ক্ষমতার বাইরে রাখুন: তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৯:০০
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতি নয় ‘জঙ্গিনীতি’ করছেন বলেই তাকে রাজনীতি ও ক্ষমতার বাইরেই রাখতে হবে। কারণ রাজনীতিতে জঙ্গিনীতির কোনো স্থান নেই। আজ সোমবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মহানগর পূর্ব আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
হাসানুল হক ইনু বলেন, ‘ছয় কারণে বিএনপিকে বর্জন করতে হবে। পাঁচ বছর পরপর নির্বাচনী বিতর্ক, নির্বাচন বানচালের পাঁয়তারা, ভূতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত, ইতিহাসের পাতাবদল, জঙ্গি উৎপাদন ও আগুনসন্ত্রাস- এই ছয় অপকৌশল ও জঙ্গিনীতির কারণে খালেদা-বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখার বিকল্প নেই।’
 
জাসদ মহানগর পূর্ব সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
হাসানুল হক ইনু বলেন, ‘শুধু ডালপালা ছাঁটলেই হবেনা, রাজনীতির বিষবৃক্ষ ও জঙ্গি উৎপাদনের কারখানাও উপড়ে ফেলতে হবে। শুধু জঙ্গি-সন্ত্রাসী, জামায়াত-যুদ্ধাপরাধীদের দমনই যথেষ্ট নয়, এদের মদদদাতা বিএনপি নেত্রীকেও বিচার-সাজার মাধ্যমে দমন ও বর্জন করতে হবে।’ বাসস।
 
ইত্তেফাক/এমআই