প্রান্তিক জনগণের উন্নয়নে ভূমিকা রাখছে সামাজিক বনায়ন : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৯:৩৬
 
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমান সরকারের গৃহীত সামাজিক বনায়ন কার্যক্রম দেশের প্রান্তিক জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। 
 
সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে গাজীপুর জেলায় সামাজিক বনায়নের ১৫১ জন উপকারভোগীর মধ্যে ২ কোটি ৫২ লাখ টাকার লভ্যাংশের চেক বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন। 
 
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রকৃতি ও পরিবেশ প্রতিবেশ স্বাভাবিক রেখে এ ধরণীকে প্রাণিকুলের বাসযোগ্য রাখতে প্রাকৃতিক বনাঞ্চলের সংরক্ষণ ও উন্নয়ন করতে হবে। পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করতে হবে। 
 
প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ। 
 
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, অধিক জনসংখ্যা ও দারিদ্র্য আমাদের বনাঞ্চল সংরক্ষণের প্রধান অন্তরায়। এ প্রেক্ষাপটে বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষসম্পদ বৃদ্ধির কোন বিকল্প নেই। সামাজিক বনায়ন বাংলাদেশের বন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেন তিনি। বাসস
 
ইত্তেফাক/ইউবি