লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় হামলা চালিয়েছে দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতির নেতৃত্বে সন্ত্রাসীরা। তারা ডিলার ওসমানকে কুপিয়ে জখমসহ ৩জনকে মারধর করে প্রায় ৪০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকেলে স্থানীয় রাখালিয়া বেঙ্গল সু ফ্যাক্টরির সামনে রিহাব টেলিকমের এজেন্ট ব্যাংকিং শাখায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন হোসেন বাদশার নেতৃত্বে দুটি মাইক্রোবাস ও ২০/২৫টি মোটরসাইকেলযোগে ৫০/৬০জনের একদল সন্ত্রাসী রাখালিয়া বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় হামলা চালায়। এ সময় এজেন্ট ব্যাংকিং শাখার ডিলার ওসমান দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একই সময় ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ব্যাংকিং এজেন্ট শাখায় প্রবেশ করে ক্যাশিয়ার লাভলীকে ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা ও রিহাব টেলিকমের কর্মচারী নাজিম ও রিপনকে মারধর করে ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
হাসপাতালে চিকিৎসাধীন ওসমানগনি অভিযোগ করে বলেন, বাদশা একটি মোবাইল সিম কেনার জন্য রিহাব টেলিকমে (ওসমানের দোকান) আসেন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সিম কার্ড দেওয়া হবেনা বলে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিকেলে বাদশা ৫০/৬০জন সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত ও কর্মচারীদের মারধর করে টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযুক্ত বাদশা হামলা ও টাকা লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, যুবলীগ করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।
রায়পুর ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, বাদশা ও তার সমর্থকদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবেনা।
ইত্তেফাক/আরকেজি
