শেবাচিম থেকে নবজাতক চুরির ঘটনায় আটক ৩

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২২:৩০
 
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় এক এ্যাম্বুলেন্স চালক ও দুই নারীকে সোমবার সকালে আটক করেছে পুলিশ। 
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর সকালে হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন ঝালকাঠির রাজাপুরের নৈকাঠী এলাকার শহীদুলের স্ত্রী লাইলী। ওইদিন রাতেই সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন তিনি। ওই সন্তানকে রবিবার দিবাগত রাতে চুরি হওয়ার অভিযোগ তোলেন স্বজনরা। 
 
শিশু ওয়ার্ডের দায়িত্বরত কর্মচারীরা জানান, রাত ১২টার দিকে শিশুটির সাথে থাকা এক নারী দুধ খাওয়ানোর কথা বলে ওয়ার্ড থেকে বাহিরে নিয়ে যান। এর কিছুক্ষণ পর শিশুটি চুরি হয়েছে বলে স্বজনরা দাবি করেন। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। এসময় জানতে পারেন সরোয়ার নামের একজন চালক তার এ্যাম্বুলেন্সে করে একটি শিশু ও ২ নারীকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। পরে সেই চালককে ফোন করে বিষয়টি জানানো হলে তিনি কৌশলে গাড়িটি পিরোজপুরের কাউখালি থানায় নিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে শিশুটিকে পুলিশ তাদের জিম্মায় নিয়ে যায় এবং চালকসহ তাদের তিনজনকেই আটক করে। 
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালি থানার ওসি মো. মনিরুজ্জামান। শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক আব্দুল কাদির জানান, তারা রাতেই বিষয়টি পুলিশকে জানান। কিন্তু পুলিশ আসলে শিশুর মা কোন অভিযোগ দিতে চায়নি তাই তারা চলে যান। 
কোতোয়ালি মডেল থানার এসআই কুদ্দুস মোল্লা জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
 
 
ইত্তেফাক/আরকেজি