অবসর ভেঙে ইতালি জাতীয় দলে খেলার ইঙ্গিত দিলেন জিয়ানলুইজি বুফন। জাতীয় দল থেকে ডাক পেলে তা কখনই নাকচ করার কথা জানাননি বলে বুফন মন্তব্য করেছেন। অভিজ্ঞ এই গোলরক্ষক সুইডেনের বিপক্ষে প্লে-অফে হেরে বিশ্বকাপের চূড়ান্তপর্বে ইতালি খেলতে ব্যর্থ হওয়ার পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন।
এর মাধ্যমে বুফনের ১৭৫ ম্যাচের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ৬০ বছর পরে আজ্জুরিরা বিশ্বকাপের মূল আসরে খেলতে ব্যর্থ হওয়ায় সান সিরোতে ঘরের মাঠে কান্নায় ভেঙ্গে পড়েন বুফন।
তবে হঠাৎ করেই ৩৯ বছর বয়সী বুফন বলেছেন দেশের হয়ে ডাক পেলে তিনি সবসময়ই তা বিবেচনা করবেন। স্থানীয় গণমাধ্যমে বুফন বলেছেন, জাতীয় দলের থেকে এটা সাময়িক বিরতি ছিল। কিন্তু আমি কখনই বলিনি ভবিষ্যতে কখনো খেলবো না। আমার এখন বয়স হয়েছে। সে কারণে কিছুদিনের বিশ্রামের এটাই সঠিক সময়। কখনো যদি জাতীয় দলে গোলরক্ষকের অভাব হয় তবে ৬০ বছর বয়সেও আমি মাঠে নামবো।
ইত্তেফাক/কেআই
