দুই মাস পর রিয়ালের হয়ে নামছেন বেল

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১০:১৯
প্রায় দুই মাস বিশ্রামে থাকার পর রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্পে ফিরছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। আজ মঙ্গলবার কোপা দেল রে’তে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাডার বিপক্ষে ম্যাচেই ফিরছেন তিনি। যদিও বেলের ইনজুরি নিয়ে মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না।
 
রিয়ালের বেলের চার বছরের ক্যারিয়ার প্রায় সময়ই ইনজুরির কারণে বাঁধাগ্রস্থ হয়েছে। বিশেষ করে গত বছর তিনি মাত্র চারটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। ইনজুরি কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফেরা বেল সম্পর্কে জিদান বলেছেন, আমি চাই বেল পুরো সুস্থ হয়ে দলে ফিরে আসুক। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারবো না সেটা কখন। হয়তবা আগামীকাল সে খেলতে পারে। সবসময়ের মতই ঠিক ম্যাচের আগ মুহূর্তে বোঝা যাবে সে খেলতে পারবে কিনা।
 
ইতোমধ্যেই মাদ্রিদভিত্তিক ছোট দলটির বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল সানতিয়াগো বার্নাব্যুতে অনেকটাই পরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে। ইনজুরির কারনে এবারের মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পাশে এক মিনিটের জন্য মাঠে নামতে পারেননি বেল। ইতোমধ্যেই বার্সেলোনার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে লা লিগায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে গ্যালাকটিকোরা। চ্যাম্পিয়নস লিগেও টটেনহ্যাম হটস্পারের থেকে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে।
 
ইত্তেফাক/কেআই