পুরান ঢাকায় ২ জঙ্গি গ্রেফতার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৯:৪২
রাজধানীর পুরান ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। গত সোমবার রাতে র‌্যাব-১০ এর একটি দল পুরান ঢাকার গেণ্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক ওরেফে মাসুম (২৬) এবং আব্দুল মোমিন ওরফে সোহেল (২৫)। তাদের কাছ থেকে বিস্ফোরক, উগ্রবাদী বই ও সংগঠনের দাওয়াতপত্র উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনে করে এবিটি’র দু’জন সক্রিয় সদস্য ঢাকায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কমলাপুর এবং গেণ্ডারিয়ায় এলাকায় অবস্থান নেন। পরে রাত ১১টার দিকে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, একটি প্রশিক্ষণ শেষে তারা ঢাকা হয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। 
 
র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুউল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে। তারা যে দু’টি নাম বলেছে, তা তাদের সাংগঠনিক নাম। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই