রাশিয়ায় আগামী বছর অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আর মাত্র তিন দিন বাকি। আগামী ২ ডিসেম্বরই নির্ধারিত হয়ে যাবে গ্রুপপর্বের প্রতিপক্ষ। তার আগেই উন্মুক্ত করা হলো বিশ্বকাপের অফিসিয়াল পোস্টারের। মঙ্গলবার বিশ্বকাপের এই পোস্টার উন্মুক্ত করা হয়।
ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা বলেন, `ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পোস্টারটি রাশিয়া এর শিল্পসম্মত এবং ফুটবল ঐতিহ্যের একটি সত্য প্রতিফলন। আমরা এই দুর্দান্ত সুন্দর এক সম্পদের জন্য গর্বিত, যার মাধ্যমে রাশিয়ার মাটিতে আসন্ন টুর্নামেন্ট উদযাপনকে চিত্রিত করতে পেরেছি।’
এদিকে বিশ্বকাপে রাশিয়ার স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান ভিতালি মুক্ত বলেন, আয়োজক দেশ হিসেবে পোস্টারটি রাশিয়ার জন্য দারুণ এক চিত্রায়ন। যেখানে রাশিয়ান ফুটবলের প্রতীক লেভ ইয়াসিনকে প্রধান চরিত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি নিশ্চিত এই পোস্টার রাশিয়া বিশ্বকাপে একটি স্মরণীয় প্রতীক হয়ে থাকবে। আশা করছি সমর্থক ও অংশগ্রহণকারীরা এটি সাদরে গ্রহণ করবেন।’
ইত্তেফাক/কেআই
