‘হকার পুনর্বাসন প্রস্তাবনা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হচ্ছে’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৭:৪৪
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, হকারদের দেশে এবং বিদেশে পুনর্বাসনের জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন হবে। এটি পরীক্ষা-নিরীক্ষা করে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই হকারদের পুনর্বাসনের কার্যক্রম শুরু হবে।
 
মেয়র খোকন জানান, চলতি বছরের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির কার্যালয়ে আয়োজিত এক সভায় এ প্রস্তাবনার ব্যাপারে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি বলেন, প্রথমে সিটি করপোরেশন এলাকায় প্রকৃত হকারদের পরিচয়পত্রসহ একটি তালিকা প্রস্তুত করা হবে। হকারদের পরিবার-পরিজনের কথা চিন্তা করে ডিএসসিসি তাদের জন্য পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। যোগ্যতা ও বয়স অনুযায়ী হকারদের পুনর্বাসনের প্রস্তাব করা হয়েছে।
 
প্রস্তাবনা অনুযায়ী তালিকাভূক্ত শিক্ষিত হকারদের চাকরি, যুব হকারদের বিদেশে প্রেরণ ও বয়োবৃদ্ধদের নির্ধারিত স্থানে বহুতল মার্কেট নির্মাণ করে তাদের পুনর্বাসনের কথা বলা হয়েছে। মেয়র বলেন, তালিকাভুক্ত হকাররা যারা বিদেশে যেতে চান তাহলে তাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আবেদন করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে কাজ করার জন্য উপযুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
 
সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা করে বিদেশে শ্রমিক হিসেবে চাকুরীর মাধ্যমে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে। ইতোমধ্যে কিছু আবেদন সিটি কর্পোরেশনে এসেছে। তাদের বিদেশে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
 
এছাড়া শিক্ষিত হকাররা চাইলে সরকারি বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরির আবেদন করতে পারবেন। সিটি করপোরেশন বিভিন্ন মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা করে তাদের চাকরির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়। বাসস
 
ইত্তেফাক/কেকে