সরকারি পাটকলসমূহ শিগগিরই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: পাটমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:২৯
বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও আর্ন্তজাতিক বাজারে পাটের ক্রমবর্ধমান চাহিদার কারণে সরকারি পাটকলসমূহ শিগগরিই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। সরকারি পাটকলের পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন সংযুক্তকরণে কাজ দ্রুত করা হবে বলে তিনি উল্লেখ করেন। 
 
মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক। তাঁর আন্তরিকতায় ও গতিশীল নেতৃত্বে বর্তমানে বিশ্ববাজারে বস্ত্রখাতে ‘বাংলাদেশ’একটি ব্র্যান্ডে রূপান্তর হয়েছে। এ খাতকে আরও প্রতিযোগিতা সক্ষম ও আধুনিক করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে।’
 
সফরত সুদানের এ্যাগ্রিকালচারাল ব্যাংক-এর জেনারেল ম্যানেজারের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা বুধবার বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
 
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিজেএমসি’র উপদেষ্টা সিরাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই