বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের শেষ ও টুর্নামেন্টের ৩৪তম ম্যাচ জয়ের জন্য ঢাকা ডায়নামাইটসকে ১৬৮ রানের টার্গেট দিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ঢাকা ডায়নামাইটস। প্রথমে ব্যাটিং করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন কুমিল্লার দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ৪৪ বল মোকাবেলায় ৬০ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ৩৭ রানে তামিম ফিরে যাওয়ায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। তার ২৩ বলের ইনিংসে ৫টি চার ছিলো।
এরপর ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস মেরামত করেন লিটন। ভালোই এগোচ্ছিলেন তারা। কিন্তু তাদের পথে বাধাঁ হয়ে দাঁড়ান তামিমকে শিকার করা ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ৩৪ রানে থাকা লিটনকে নিজের দ্বিতীয় শিকার বানান সাকিব। ৩টি চারে ৩০ বল মোকাবেলায় নিজের ইনিংস সাজান লিটন।
লিটনের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমরুলও। ২৬ রান করে বিদায় নেন তিনি। ১১৪ রানে ৩ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের ২৭ বলে ৩৯, পাকিস্তানের শোয়েব মালিকের ৪ বলে অপরাজিত ৯ ও হাসান আলীর ২ বলে ৮ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ হয় পায় কুমিল্লা। স্যামুয়েলসের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো। ঢাকার ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার ৩টি ও সাকিব ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৬৭/৬, ২০ ওভার (স্যামুয়েলস ৩৯, তামিম ৩৭, কুপার ৩/৪২)। বাসস।
ইত্তেফাক/ রেজা
