নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী শহীদ। প্রতিবারই তার মিউজিক ভিডিওগুলোতে ভিন্নতা থাকে। গানের মতো মিউজিক ভিডিও নির্মাণে বেশ যত্নশীল। তাই প্রতিবারই দর্শকদের মাঝে জনপ্রিয়তা পায় তার মিউজিক ভিডিওগুলো।
আজ রাত ৮টায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তার নতুন মিউজিক ভিডিও ‘দূরুত্ব’। শহীদের এই গানের চিত্রায়ণ হয়েছে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সোনাপুর ও তার আশেপাশের এলাকাগুলোতে।
লুৎফর হাসানের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও তৈরি করেছেন তানজিম মিশু। এই মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে থাকছেন অন্তু করিম। তার সাথে জুটি হিসেবে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগী জান্নাতুল সুমাইয়া হিমিকে।
অন্তু করিমের সাথে একাধিক কাজ ও মিউজিক ভিডিও প্রসঙ্গে শহীদ বলেন, ‘প্রতিটি কাজ আমি স্বাচ্ছন্দবোধের জায়গা থেকে করতে চাই। এক জীবন গানের মিউজিক ভিডিও থেকেই অন্তুর সাথে সেই স্বাচ্ছন্দবোধের জায়গাটা শুরু হয়েছে। এছাড়া অন্তু যে আমার মিউজিক ভিডিওগুলো করছে এতে আমি আনন্দিত। মডেল হিসেবে তার পরিচিতি বেশ প্রশংসিত। মিউজিক ভিডিও নিয়ে বলার আগে গান নিয়ে বলতে চাই। কারণ একটি ভালো গানের গুরুত্ব আমার কাছে সবার আগে। মিউজিক ভিডিও তার পরবর্তী ধাপ। নতুন এই গানটি শ্রোতাদের ভালো লাগবে আশা করি। আমি নিয়মিত কাজের সুযোগ পাই না। তাই একটি কাজ অনেকদিন পর ভালো করে করার চেষ্টা করি। আর মিউজিক ভিডিওটিও ভালো লাগার মতো। তানজিম অংশু বরাবরই ভালো কাজ করেন। এছাড়াও লুত্ফর হাসানের লেখা ও আমজাদ হোসেনের সঙ্গীতের প্রশংসাও করতে হয়।’
ইত্তেফাক/আনিসুর
