দীর্ঘদিন বন্ধ থাকা ৫ শিল্প প্রতিষ্ঠান সচল করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এগুলো হল-রাজশাহী রেশম কারখানা, ঠাকুরগাঁও রেশম কারখানা, সিলেট টেক্সটাইল মিলস লিমিটেড, কুড়িগ্রাম টেক্সটাইল মিলস লিমিটেড ও চট্টগ্রামের ভালিকা উলেন মিলস লিমিটেড। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বেসরকারিকরণের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে ন্যস্ত পাঁচটি মিল বিক্রয়ের তালিকা থেকে বাদ দিয়ে তা মন্ত্রণালয়ের কাছে ফেরত আনা সংক্রান্ত একটি প্রস্তাবসহ তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দেশে সারের মজুত বাড়াতে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব থেকে ২৫ হাজার টন ডিপিএ সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সম্পাদিত চুক্তির আওতায় এ সার আমদানি করা হবে। তিনি জানান, আসন্ন রবি মৌসুমের চাহিদা মেটানোসহ দেশে সারের মজুত বাড়াতে সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য সরকারের ব্যয় হবে ৮০ কোটি ২২ লাখ টাকা।
তিনি আরো জানান, বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০’এর আওতায় ‘রূপকল্প-৯ : ২ডি সাইসমিক প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের অধীনে সিসমিক জরিপ কার্যক্রম পরিচালনার জন্য দৈনিক মজুরির ভিত্তিতে বিভিন্ন গ্রেডের ৯০০ জন লোকবল সরবরাহের জন্য সার্ভিস প্রোভাইডার নিয়োগের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে রূপকল্প-১ শীর্ষক প্রকল্পের আওতায় সালদা নর্থ-১ কূপ খননের কাজটি বাপেক্সের নিজস্ব রিগ দ্বারা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাঁচটি লটে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআর
