কুষ্টিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে রকি মণ্ডল (২৫) নামে এক শ্রমিক খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রকি মণ্ডল কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী এলাকার এইচএনএস প্রেসার কুকার কোম্পানির শ্রমিক ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রকি মণ্ডল মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আনিস মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, রকি মণ্ডলের সাথে একই কোম্পানিতে কর্মরত তারই বন্ধু আশিক, নয়ন ও চন্দনের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। বুধবার রাতে কাজ শেষ করে রকি ও চন্দন বাইসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে ত্রিমোহনী বাজারের নিকট পৌঁছুলে আশিকসহ কয়েকজন রকি মণ্ডলের গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মাটিতে লুটিয়ে পড়ে থাকা রকি মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) শেখ ওবাইদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের পিছনে শুধুই পূর্ব বিরোধ নাকি অন্য কোন কারণ আছে পুলিশ তা খতিয়ে দেখছে বলে মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান।
ইত্তেফাক/জামান
