জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনসহ প্রস্তাবিত সরকারি কর্মচারী আইন দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক এবং জয়া সেনগুপ্তা সভায় অংশগ্রহণ করেন। সভায় সরকারি যানবাহন অধিদফতরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি মাধ্যমিক পর্যায়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। সভায় উপজেলা পর্যায়ে বিশেষ করে ইউএনও, পুলিশ ও ভূমি অফিসে প্রয়োজনীয় যানবাহন দ্রুত ভিত্তিতে সরবরাহের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
সভার শুরুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে
