স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ জীবন বাজি রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করছে। তিনি বলেন, আগের যে কোন সময়ের তুলনায় পুলিশ দক্ষ ও শক্তিশালী হয়ে উঠেছে। অপরাধ দমনে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধনকালে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, পুলিশের আবাসন সমস্যা সমাধানের জন্য দেশে ১০১টি উপজেলায় নতুন করে থানা ভবন নির্মাণ করা হবে। এতে করে তাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাসস।
ইত্তেফাক/এমআই
