‘কোনো নীল নকশা গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না’

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৫২
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কোনো নীল নকশা গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। টানা তৃতীয়বারের মত ক্ষমতায় আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। 
 
আজ বৃহস্পতিবার ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। 
 
জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহ্তেসাম হোসেন বাবর, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম। 
 
মন্ত্রী বলেন, আপনাদের ভোটে রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর দেশবাসীর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেননি কিন্তু শেখ হাসিনা সে সাহস দেখিয়েছেন।
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের ভালোবাসা আওয়ামী লীগের শক্তি। জনগণের ভালোবাসাকে কাজের মাধ্যমে শ্রদ্ধা করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী দল। ফরিদপুরের সদর আসন ১৯৭৩ সালের পর ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরুদ্ধার করেছে। আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর ফরিদপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। ফরিদপুর অর্থনৈতিক বিনিয়োগে দেশে এক নম্বর জেলা। ভবিষ্যতে ফরিদপুর বাংলাদেশে অন্যান্য অঞ্চলের উন্নয়নে অনুকরণীয় হবে।
 
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিলে দেশর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বাসস
 
ইত্তেফাক/কেকে