ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করবে এফবিসিসিআই

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২০:২১
 
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য কাজে লাগিয়ে বিদ্যমান বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে। এ ব্যাপারে সংগঠনটি কার্যকর এবং প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে।
 
বুধবার ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমানের সঙ্গে এক বৈঠকে এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম এ কথা বলেন।বৈঠকে এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা. মো. আবু নাসের ও রাশেদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
 
জুলফিকার রহমান ব্রাজিলের পাশাপাশি চিলি, কিউবা, বলিভিয়া ও প্যারাগুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
 
জুলফিকার রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্য তেমন সন্তোষজনক নয়। তৈরি পোশাক খাতে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তা ব্রাজিলের ব্যবসায়ীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করা দরকার। 
 
বাণিজ্য উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। এছাড়াও ব্রাজিলে আয়োজিত বিভিন্ন বাণিজ্য মেলায় বাংলাদেশের উদ্যোক্তাগণকে নিয়মিত অংশ নেয়া দরকার বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। 
 
এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম রাষ্ট্রদূতকে দেশের বর্তমান দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা সম্পর্কে অবহিত করেন। ব্রাজিল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান। 
 
ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআইয়ের একটি বাণিজ্য প্রতিনিধিদল শিগগিরই ব্রাজিল সফরে যাবে এবং পরবর্তীতে বাণিজ্য সম্প্রসারণে করণীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ১১৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ব্রাজিলে রফতানি করে এবং ব্রাজিল থেকে ১১৫২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ব্রাজিল বাংলাদেশ থেকে ওভেন গার্মেন্টস, নিটওয়্যার,পাট ও পাটজাত পণ্য, ফুটওয়্যার,ওষুধ এবং সিরামিক পণ্য, আর ব্রাজিল থেকে বাংলাদেশ মূলত প্রস্তুত খাদ্যদ্রব্য, সবজিজাত পণ্য, টেক্সটাইল এবং টেক্সটাইল সামগ্রী আমদানি করে। বাসস
 
ইত্তেফাক/কেকে