রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সেশনের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার। সকাল ১০ টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৬৮২টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩৮ হাজার ১ শত ২৫ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। ভর্তি বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর মোট ১৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এমনকি পরীক্ষা চলাকালীন পরিদর্শকবৃন্দের কেহই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। ইতোমধ্যে অনুষ্ঠিত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ বিষয়ে যেসমস্ত সমস্যা ধরা পড়েছে তার আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে ভাগেই তা নিরোধে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ভর্তি পরীক্ষার্থীদের সবধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করেছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.sau.edu.bd থেকে জানা যাবে।
ইত্তেফাক/ইউবি
