ট্রাক চালকের মারধরে লেগুনা চালকের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৯
রাজধানীর শাহআলীতে ট্রাক চালকের মারধরে সেলিম (৩০) নামে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দিয়াবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিয়াবাড়ি এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সেলিমের লেগুনার বাম্পার ছুটে যায়। পরে সেলিম লেগুনা নিয়ে দিয়াবাড়ি মোড়ে ওই ট্রাক চালককে দাড় করিয়ে ক্ষতিপূরণ দাবি করেন। এতে দুই চালকের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ট্রাক চালকের মারধরে সেলিম অসুস্থ হয়ে পড়ে। এরপর ওই ট্রাক চালক স্থানীয় এক ব্যক্তিকে সেলিমের চিকিৎসার জন্য ৩০০ টাকা দিয়ে পালিয়ে যায়। পরে সেলিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শাহআলী থানার এসআই অনুজ কুমার জানান, ঘটনার পর নিহতের বড় ভাই ট্রাক চালক ওয়াশিমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে শ্যামপুর এলাকা থেকে ওয়াসিমকে গ্রেফতার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি