বাঁহাতি পেসার নিল ওয়াগনারে বিধ্বংসী বোলিংয়ে ওয়ালিংটন টেস্টের প্রথম দিনেই অলআউট হয়ে গেছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। ওয়াগনারের ক্যারিয়ারে সেরা বোলিং-এ ১৩৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ১৪ দশমিক ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৭ উইকেট নেন ওয়াগনার। ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ২ উইকেটে ৮৫ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ৪৯ রানে পিছিয়ে রয়েছে কিউইরা।
ওয়েলিংটনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৯ রানের শুরু দলকে এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্রার্থওয়েট ও কাইরেন পাওয়েল। এই জুটি ভেঙ্গে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ওয়াগনার। ব্রার্থওয়েটকে তুলে নেন তিনি। কিছুক্ষণ ফিরে যান আরেক ওপেনার পাওয়েলও। ৪২ রান করে নিউজিল্যান্ডের আরেক বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের শিকার হন তিনি।
দলীয় ৭৫ রানে পাওয়েল ফিরে যাবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবীয়দের বেকাদায় ফেলেন ওয়াগনার। পরের ৮ উইকেটের ৬টিই নিয়েছেন তিনি। সফরকারী কোন ব্যাটসম্যানকেই উইকেটে থিতু হতে দেননি ওয়াগনার। তাই ১৩৪ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৫৯ রানের মধ্যে ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা। দুই ওপেনার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে উইকেটরক্ষক শেন ডউরিচ ১৮, কেমার রোচ ১৪, শিমরোন হেটমায়ার ১৩ ও শানন গ্যাব্রিয়েল ১০ রান করে ফিরেন।
ইত্তেফাক/কেআই
