বিশ্বকাপ জিততে সবকিছুই করবেন নেইমার

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২০:০২
নিজ দেশে বিশ্বকাপের শেষ আসরটা ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য বেদনার। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়া নেইমারবিহীন ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে হেরেছিল ৭-১ গোলের বিশাল ব্যবধানে। তবে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরবর্তী আসরের বাছাইপর্বে দুর্দান্ত চমক দেখায় ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দুর্দান্ত সাফল্য দেখিয়ে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটে নেইমারের দল। এখন রাশিয়া থেকে শিরোপাটাও ছিনিয়ে আনতে চান পিএসজিতে খেলা এই ফুটবল সেনসেশন।
 
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে একটি মাত্র ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল। নেইমারের আত্মবিশ্বাসও এখন সর্বোচ্চ পর্যায়ে। ফিফা ডটকমকে তিনি বলেন, ‘বিশ্বকাপের পর দুই তিন বছর আগের তুলনায় ব্রাজিলের বর্তমান দলের প্রতি অন্য দলগুলো বেশি সমীহ করছে। মানুষ এখন আমাদের আলাদা চোখে দেখছে। আবারো ব্রাজিলের প্রতি সমর্থন এবং সম্মানবোধ ফিরে এসেছে। দলটি এখন দারুণ খেলা উপভোগ করছে। এসব ঘটনা আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। আমাদের সমর্থক এবং দেশবাসীর মনোভাব এখন পরিবর্তিত হয়ে গেছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সবাই এখন বেশ প্রত্যয়ী। তারা এখন আনন্দ চিত্তে বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে।’
 
২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন নেইমার। সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জয় পেলেও সেমিতে জার্মানির কাছে বিধ্বস্ত হয়। সেই দুঃসহ স্মৃতি সম্পর্কে নেইমার বলেন, ‘এটি ছিল বিস্ময়কর ঘটনা। যে কারণে আমি আমার মত করে বিশ্বকাপ শেষ করতে পারিনি। আমি অবশ্যই ওই আসর থেকে খেতাব জয় করতে চেয়েছিলাম। কিন্তু আমি জিততেও পারিনি, হারতেও পারিনি। আমি বিশ্বকাপটি শেষ করতে পারিনি। অপ্রত্যাশিতভাবে আমার টুর্নামেন্টটি শেষ হয়েছে একটি গুরুতর ইনজুরি নিয়ে। এ জন্য আমাকে যথেষ্ট ভুগতে হয়েছে।’
 
ফরাসি ক্লাব পিএসজিতে খেলাস এই সুপারস্টার বলেন, ‘ওই সপ্তাহটি ছিল আমার জন্য খুবই বাজে। আমি প্রচুর কেঁদেছি এবং নিজেকেই প্রশ্ন করেছি কেন এমনটি হল? তবে আপনার মানতে হবে, জীবনের এসব ঘটনাই আপনাকে আরো সুদৃঢ় করে তুলবে। হয়তো ওই সময়ের জন্য আপনি ব্যর্থ হয়েছেন কিংবা কিছু অর্জন করতে পারেননি। কিন্তু পরবর্তীতে আরো ভাল ভবিষ্যৎ গঠনে সেখান থেকে নেয়া শিক্ষা আপনি কাজে লাগাতে পারবেন। আমি মনে করি এবারের বিশ্বকাপটি ব্রাজিলের জন্য বিরাট কিছু। বিশেষ করে শিরোপা জয়ের জন্য আমি আমার সবকিছুই উজাড় করে দেব।’
 
ইত্তেফাক/কেআই