বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে শনিবার রাতের ম্যাচে রাজশাহী কিংসকে ৯৯ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য ২০৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে সাকিব আল হাসানের বোলিং তোপে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন রাজশাহী।
নিজের প্রথম ওভারেই লেন্ডন সিমন্স ও লুক রাইটকে আউট করেন সাকিব। সিমন্স ১ রান করতে পারলেও রাইট রানের খাতাই খুলতে পারেননি। এরপর সাকিবের তৃতীয় শিকার হওয়া মুশফিকও কোন রান করতে পারেননি। দলীয় ৯ রানেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজশাহী। কিছুটা প্রতিরোধ গড়তে চেষ্টা করা মুমিনুল হকও ব্যক্তিগত ১৯ রানে কাইরন পোলার্ডের শিকার হলে ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে তারা।
এরপর ইংল্যান্ডের সামিত প্যাটেল দলকে টেনে তোলার চেষ্টা করনে। ১৭ বল মোকাবেলায় দুটি করে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ২৮ রান করে সাকিবের চতুর্থ শিকারে পরিণত হন প্যাটেল। নির্ধারিত ৪ ওভার বোলিং করে একটি মেডেনসহ ৮ রানে ৪ উইকেট শিকার করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এছাড়া নুর আলম সাদ্দাম ১ ওভার বোলিং করে ৩ রানে শিকার করেন ২ উইকেট।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ও ইংল্যান্ডের জো ডেনলি জোড়া হাফ-সেঞ্চুরিতে রাজশাহী কিংসকে জয়ের জন্য ২০৬ রানের টার্গেট দেয় গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন ডেনলি ও নারাইন। প্রথম ৬ ওভারে ৫০ রান যোগ করেন তারা। ১৩তম ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন ডেনলি ও নারাইন। এসময় ঢাকার রান ছিলো বিনা উইকেটে ১২৯ রান।
১৪তম ওভারে বাঁ-হাতি পেসার কাজী অনিকের বলে আউট হন নারাইন। ২৯ বলে হাফ-সেঞ্চুরি পাওয়া নারাইন ৪টি চার ও ৬টি ছক্কায় ৩৪ বলে ৬৯ রান করে থামেন। ধীরগতিতে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ডেনলিও। ৪টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৫৩ রান করেন তিনি।
দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের ১৪ বলে ৩৩, পাকিস্তানের শহিদ আফ্রিদির ৭ বলে ১৪ ও অধিনায়ক সাকিব আল হাসানের ৬ বলে অপরাজিত ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৫ ওভারে ২০৫ রানের সংগ্রহ পায় ঢাকা। এবারের আসরে এই নিয়ে তৃতীয়বারের মত দুইশত বা ততোধিক দলীয় সংগ্রহ দাড় করালো ঢাকা। রাজশাহীর অনিক ২টি উইকেট নেন।
ইত্তেফাক/কেআই
