নেইমারের পিএসজির জয়রথ থামাল পুচকে স্ট্রাসবুর্গ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১০:৫৩
টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার লিগ ওয়ানে হারের মুখ দেখল নেইমার-কাভানিদের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যাদের কাছে হেরেছে তারা বড় কোনো দল নয়, বরং পচা শামুকেই পা কেটেছে ক্লাবটির। লিগ ওয়ানে নিজেদের ১৬তম ম্যাচে শনিবার রাতে স্ট্রাসবার্গের কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি।  
 
দুই মৌসুম আগেই ফরাসি লিগের তৃতীয় বিভাগে খেলেছে স্ট্রাসবুর্গ। সেই দলটিই কি না, এবার হারিয়ে দিল ইউরোপের অন্যতম খরুচে এই ক্লাবটিকে। ১৩ মিনিটে নুনো দা কস্তা স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে পিএসজিকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৬৫ মিনিটে স্ট্রাসবুর্গ স্ট্রাইকার স্টেফান বাওকেনের গোলে মৌসুমে প্রথম হারের মুখ দেখতে হয় দলটিকে।
IMG0
গত মৌসুমে লিগ টু জিতে এবার লিগ ওয়ানে উঠে আসে স্ট্রাসবুর্গ। দলটি অবশ্য রেলিগেশন সাঁড়িতে ছিল। এই জযে সেখান থেকে উঠে এসেছে টেবিলের ১৪ নম্বরে। তবে হার সত্ত্বেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ১৬ ম্যাচে পিএসজির অর্জন ৪১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো কাল অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারালেও পিএসজি থেকে এখনও ৯ পয়েন্ট পিছিয়ে আছে।
 
ইত্তেফাক/কেআই