ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে : হানিফ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:২৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় ভবিষ্যতে তারা আলোর মুখ দেখবে না। 
 
রবিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে ‘তারেক রহমান সত্য কথা বলে, তাই তার বক্তব্যেকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন এক মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। 
 
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যারা ইতিহাস বিকৃত করে, ইতিহাস নিয়ে মিথ্যাচার করে, তাদের কথাই যদি সত্য কথা হয়! তাহলে বলতে বাধ্য হচ্ছি বিএনপি এখনও অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে নাই। এই মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে তারা ভবিষ্যতে আলোর মুখ দেখবে না।’
 
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা সিভিল সার্জন ডা. রওশন আরা, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলার স্বাস্থ্য কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি