স্থানীয় সরকার মন্ত্রণালয় যেদিন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে তার ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে। শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রজ্ঞাপন হাতে পেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন এখন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে অনুষ্ঠিত হবে। ডিএনসিসিতেও মেয়র পদে উপ-নির্বাচন প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ডিএনসিসির সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে এখনই কাউন্সিলর পদে নির্বাচন হবে কি না তা বলা যাচ্ছে না। কারণ বিষয়টি জটিল। ভোটার তালিকা হয়েছে। এখন সিডি নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটি হলে কমিশনে উপস্থাপন করা হবে। পরে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
গত ২৯ জুলাই নাতিকে দেখতে লন্ডন গিয়েছিলেন মেয়র আনিসুল হক। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন। শনিবার তার মরদেহ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হলে লাখো নগরবাসী তাকে শেষ শ্রদ্ধা জানায়। আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজা শেষে বিকেল সোয়া ৫টায় বনানী কবরস্থানে তিনি মা ও ছোট সন্তানের পাশে চির নিদ্রায় শায়িত হন।বাসস
ইত্তেফাক/ইউবি
