১৮ বছরের আগে বিয়ে নয়: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২৯
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে যুব-সমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা ভবিষ্যতে বাংলাদেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ করবো। তিনি যুবাদের উদ্দেশ্যে বলেন, ১৮ বছরের আগে বিয়ে নয় আর ২০ বছরের আগে সন্তান নয়। এটা যদি করতে পারি তবে বিশ্বে একটা ইতিহাস গড়তে পারব।
 
মন্ত্রী যুব-যুবাদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী সততা, যোগ্যতা এবং কর্মনিষ্ঠায় বিশ্বের ১০জন রাষ্ট্রনায়কের মধ্যে তৃতীয় হয়েছেন। আর এ আমলে আমরা কেন নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধ করতে পারব না? এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
 
তোফায়েল আহমেদ রবিবার দুপুরে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল আদর্শ কলেজ মাঠে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। 
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের  মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম (এনডিসি), গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, পূবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কাউয়ুম খান, ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ড. আহমদ মোস্তাক রাজা চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ জাহিদ আল মামুন, ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ, বজলুর রহমান বাছির, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ প্রমূখ।  
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, আমাদের মা-বোনদের উপর নির্যাতন ও বাল্য বিয়ে বন্ধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।  নারী-পুরুষের সম্পর্ক বাঘ-হারণের সম্পর্ক হলে চলবে না। আমাদের প্রত্যেককে সভ্য হতে হবে। এজন্য প্রথম কাজ হবে নারীর প্রতি ভাল আচরণ করা। তিনি উপস্থিত সকলকে ১৮নিচে কোন মেয়ে এবং ২১বছরের নিচে কোন পুরুষকে বিয়ে না করতে হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ করেন। নারী ও শিশু নির্যাতন বন্ধে সারাদেশে মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬দিন ব্যাপি ছাত্র ও যুব সমাবেশ করা হচ্ছে। 
 
ইত্তেফাক/আনিসুর