যত দ্রুত সম্ভব মামলার রায় ও আদেশ প্রদানের জন্য জেলা জজদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞা।
তিনি বলেন, একটি বিলম্বিত সুলিখিত রায়ের চেয়ে একটি দ্রুত লিখিত কার্যকর রায় অনেক বেশি প্রয়োজন। জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিম্ন আদালতের জেলা ও দায়রা জজ এবং সম পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন জেলা জজ জজশীপের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।
জেলা জজদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, বিচারকদের পোশাক-আশাক ও চলাফেরায় স্বাতন্ত্র্যবোধ থাকতে হবে। মামলার অন্তবর্তিকালীন আদেশসূমহ যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা, রায়ের পূর্বে ক্রোক, রিসিভার নিয়োগ ও জামিনের আদেশ তাৎক্ষণিকভাবে ঘোষণা করতে হবে। বিচারের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে সমতার নীতি।
ইত্তেফাক/ইউবি
