নেইমারের রিয়ালে যোগদানের সম্ভাবনা দেখছেন না সুয়ারেজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৯:১৮
বার্সেলোনার প্রতি শ্রদ্ধাবোধের কারণেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কোন সম্ভাবনা দেখছেন না লুইস সুয়ারেজ। 
 
বার্সেলোনার সঙ্গে ২০২২ সাল পর্যন্ত নতুন চুক্তি সম্পাদনের পরও গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বদৌলতে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। কিন্তু ক্যাম্প ন্যু ছেড়ে যাবার পর থেকেই তিনি ফের স্পেনে ফিরে আসাবেন বলে গুজব উঠেছে। কাতালানীয়দের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে বলেও গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে। এসব রিপোর্টে বলা হচ্ছে পিএসজিতে ভালভাবে মানিয়ে নিতে পারেননি নেইমার। যে কারণে তিনি প্যারিস ছাড়তে চান। তাকে হজম করার মত সামর্থ্য ও সুযোগ এই মুহূর্তে রিয়ালেরই রয়েছে।
 
তবে সুয়ারেজের মতে এটি কোনভাবেই সম্ভব নয়। তিনি বলেন, ‘এটি সম্ভব নয়। আমি সত্যিকার অর্থেই এমন কোন সম্ভাবনা দেখছি না। আমি জানি নেইমার কেমন। এটিও জানি বার্সেলোনা এবং ক্লাব সতীর্থদের প্রতি তার কতটা শ্রদ্ধাবোধ রয়েছে। তাই তিনি যে রিয়াল মাদ্রিদে খেলবেন তেমন কোন সম্ভাবনা আমি অন্তত দেখছি না।’ বাসস
 
ইত্তেফাক/ইউবি