‘মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা অবদান রেখেছেন’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৪৮
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় অর্ধেক যুদ্ধ করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা আর বাকি অর্ধেক যুদ্ধ করেছে সমরাঙ্গণের মুক্তিযোদ্ধারা। আমরা সেদিন অস্ত্র হাতে মাঠে ময়দানে যে পরিমাণ যুদ্ধ করেছি ঠিক একই পরিমাণ যুদ্ধ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। তারা সেদিন কণ্ঠ দিয়ে যুদ্ধ না করলে বাংলাদেশের স্বাধীনতা লাভ করা এতটা সহজ হতো না। 
 
আজ সোমবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৭১ মিলনায়তনে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
মহান বিজয় দিবস উপলক্ষে ‘ডিআইইউ’ ও ‘মুক্ত আসর’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এ সম্মাননা অনুষ্ঠানে ডিাাইইউ’র ট্রেজারার হামিদুল হক খান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, মুক্ত আসরের উপদেষ্টা তারা রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে