নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি ফি কমানোসহ আট দফা দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং ভর্তিস্থল হাজী ইদ্রিস অডিটোরিয়ামের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন। এতে করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ থাকে।
শিক্ষার্থীদের দাবিসমূহ হলো- ভর্তি ফি ২৫ হাজার টাকার স্থলে কমিয়ে ৫ হাজার টাকা করতে হবে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যাওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত দিতে হবে, বিভাগীয় ট্রান্সক্রিপ্ট ২০ এবং মূল সনদ পত্র ৫০ টাকা করতে হবে, ব্যাকলগের বর্ধিত ফি প্রত্যাহার ও তা ৩শ' টাকা করতে হবে এবং ইম্প্রুভমেন্টের সর্বনিম্ন জিপিএ ৩.০০ করতে হবে, ওয়ানস্টপ এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে হবে, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক যেকোনো সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করতে হবে, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ ও হলের খাদ্যে ভর্তুকি দিতে হবে এবং পুরো ক্যাম্পাসে নিরবিচ্ছিন ওয়াই-ফাই চালু করতে হবে। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, যেখানে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কম। সেখানে নোবিপ্রবিতে প্রতি বছরই ক্রমান্বয়ে ভর্তি ফি বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে। এতে অনেক মেধাবী শিক্ষার্থী অতিরিক্ত ভর্তি ফির কারণে ভর্তি হতে পারছেন না। ভর্তি ইচ্ছুক অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও এতে ক্ষোভ প্রকাশ করছেন।
তারা অভিযোগ করেন, দীর্ঘ দিন থেকে তারা ভর্তি ফি কমানোসহ আট দফা দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিভিন্ন সময় আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করে উল্টে শিক্ষার্থীদের উপর নানাভাবে বাড়তি ব্যয় চাপিয়ে দিচ্ছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে বলে বিকালে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক জানান।
অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
