গাজীপুরে রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত বিটুমিন সরবরাহকারী গাড়িতে অগ্নিকাণ্ডে হেলপার আগুনে পুড়ে মারা গেছেন। সোমবার বিকালে ঢাকা-বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রিংকু (৩৫)। তাবে তার বিস্তারিত পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা বাইপাস সড়কের নাওজোর এলাকায় উন্নয়ন কাজে ব্যবহৃত বিটুমিন সরবরাহকারী গাড়িতে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। এসময় ওই গাড়িতে থাকা চালকের হেলপার রিংকু আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া জানান, আগুনে গাড়িটি সম্পূর্ণ রূপে পুড়ে যায়। রিংকু পুড়ে হাড়গোড় গলে গেছে। ভোগড়া পুলিশ ক্যাম্পের এএসআই কামাল হোসেন জানান, তাৎক্ষণিক ভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/আরকেজি
