এবার গান, কবিতা ও মুখাভিনয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই আয়োজন করে। এখানে গত ২৫ নভেম্বর থেকে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামিউল আলমের পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। মঞ্চে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ব্যান্ডদল কৃষ্ণপক্ষ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস প্রমুখ।
‘সুবোধ পালাবে না’ শিরোনামে মূকাভিনয় পরিবেশন করেন মীর লোকমান। একক অভিনয়ে তিনি ফুটিয়ে তোলেন ডাকসুর দাবির যৌক্তিকতা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ইত্তেফাক/নূহু
