‘চাইলেই যেকোনো চরিত্রে কাজ করলে মানাবে না’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১০:০২
 
চিত্রনায়ক আমিন খান ‘অবতার’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন। ছবিটি পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার। গল্পের প্রয়োজনে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনার অ্যাডওয়ার্ড কলেজে শুটিং করতে হয় আমিন খানকে। 
 
আমিন খান ভেবেছিলেন কলেজে শুটিং করা হয়তোবা অনেক কঠিনই হয়ে পড়বে। কিন্তু কলেজের ছাত্র ছাত্রীদের আন্তরিক সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে অবতারের শুটিং বেশ ভালোভাবেই সম্পন্ন করেছেন আমিন খানসহ পুরো ‘অবতার’ ইউনিট। 
 
আমিন খান বলেন, ‘অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র ছাত্রীদের আন্তরিক সহযোগিতায় আমি মুগ্ধ। তারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের কাজকে এগিয়ে দিয়েছেন, তাতে তাদের প্রতি আমি ইউনিটের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। একটি কথা না বললেই নয় যে, যে এলাকায় অ্যাডওয়ার্ড কলেজের মতো একটি প্রতিষ্ঠান রয়েছে সেই এলাকার মানুষের ভেতর সেই আলোকিত বিষয়, মহানুভবতার বিষয়টি খুব সহজেই পরিলক্ষিত হয়।‘
 
এতদিন পর আবারো চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে আমিন খান আরো বলেন, ‘সত্যি কথা বলতে এখন বয়স বেড়েছে। চাইলেই যেকোনো চরিত্রে কাজ করলে মানাবে না। সেই জায়গা থেকে অনেক ছবির গল্প ভালো থাকলেও আমার করা হয়নি। সময়ের সাথে চরিত্র পাচ্ছিলাম না বলেই চলচ্চিত্রের বিরতি ছিল।’
 
ইত্তেফাক/আনিসুর