কক্সবাজারের টেকনাফে পুলিশের অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারী নিহত হয়েছে। এ সময় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আনু মিয়ার পুত্র আবুল কাশেমকে (৩২) নিয়ে পশ্চিম সাতঘরিয়া পাড়া পাহাড়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাশেমের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে এএসআই অহিদ উল্লাহ (৩৯), কনস্টেবল হাবিব হোসাইন (২৩) ও তুহিন আহমেদ (২২) আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে দুটি দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ কাশেমকে উদ্ধার টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথে কাশেম মারা যায়।
আরো পড়ুন : মহাকাশ গবেষণা কেন্দ্রে ব্যাক্টেরিয়া, নাসার উদ্বেগ
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটক মাদক কারবারী ও অস্ত্র ব্যবসায়ী কাশেমের স্বীকারোক্তি মতে তাদের আস্তানায় অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৩ জন পুলিশ আহত হয়। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে এলজি, তাজা কার্তুজ, ইয়াবাসহ গুলিবিদ্ধ কাশেমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে মারা যায়। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি

