উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল আগেই। তাই কিছুটা নির্ভার বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে একটা ঝুঁকি নিয়েছিলেন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামিয়েছিলেন দল। খেলায় ছন্দ ফেরাতে দ্বিতীয়ার্ধে মেসিকে নামানো হলেও গোল করতে পারেননি। তা সত্ত্বেও পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে মঙ্গলবার রাতে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
মেসিকে ছাড়া নেমে অবশ্য বার্সাকে ভালই পরীক্ষা দিতে হয়েছে। প্রথমার্ধটা তাই গোলশূন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বার্সা। ৫৯ মিনিটে ডেনিস সুয়ারেজের কর্নার থেকে আলকাসেরের হেড গোলরক্ষক প্যাট্রিসিওকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। এতেই প্রাণ ফিরে পায় ন্যু ক্যাম্প। মেসি অবশ্য বদলি হিসেবে নেমেছিলেন এই গোলের তিন মিনিট পর।
IMG0
মেসি মাঠে নামলে বার্সার খেলায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বেশ কয়েকবার আক্রমণে গেলেও অবশ্য গোলের দেখা পাননি এই ফুটবল জাদুকর। যদিও যোগ করা সময়ে ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ এর গোলে আরেকদফা এগিয়ে যায় বার্সা। বক্সের বাম দিক থেকে সুয়ারেজের ক্রস যখন আলকাস বল পেতে যাচ্ছিলেন। সেই প্রচেষ্টা থেকে দলকে বাঁচাতে গিয়ে উল্টো স্পোর্টিং লিসবনের জালেই বল জড়িয়ে দেন সাবেক বার্সা ডিফেন্ডার ম্যাথিও।
এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটপর্বে খেলবে বার্সা। এই গ্রুপের অপর ম্যাচে জুভেন্টাসও ২-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। দলটি ১১ পয়েন্ট নিয়ে জুভেন্টাস দ্বিতীয় দল হিসেবে খেলবে নকআউটপর্বে।
ইত্তেফাক/কেআই
