যমুনার খাল থেকে ড্রেজার দিয়ে মাটি কাটায় জরিমানা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১২:৫৭
 
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিনানই পূর্বপাড়া গ্রামে যমুনার খাল থেকে ড্রেজার দিয়ে মাটি কাটায় ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে এই জরিমানা করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শান্তিনগর গ্রামের মহসিন মিয়ার ছেলে ড্রেজার মালিক মনসুরুল করিমকে (৩৫) এই জরিমানা করেন।
 
আদালত জানায়, দীর্ঘদিন ধরে মনসুরুল করিম আইন অমান্য করে ড্রেজার দিয়ে বিনানই গ্রামে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল।বিষয়টি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও আনিসুর রহমান অভিযান চালায়। তখন বালু তোলার অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার জরিমানা এবং তা সরিয়ে ফেলা হয়।
 
আদালতের বিচারক আনিসুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কাউকেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেয়া হবে না। তাই যেখানে এরকম অনিয়ম হবে, সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/জামান