কুমিল্লার হোমনা উপজেলার নিলখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার মিরাশ বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল হক, সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম শামীম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহআলম টিটো, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, মুজিবুর রহমান, শিক্ষার্থী শারমিনা আক্তার ও কামরুল হাসান, নিহতের পিতা সিরাজ মিয়া, মামা জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়ালেখার পাশাপাশি অন্যের কাছ থেকে ইজিবাইক ভাড়ায় চালিয়ে পড়াশোনার খরচ যোগাত রিয়াদ। গত ২৫ নভেম্বর বিকালে ইজিবাইক চালাতে গিয়ে উপজেলার পঞ্চবটি এলাকা থেকে ইজিবাইকটিসহ নিখোঁজ হয় সে। পরে রাত সাড়ে ১১টায় ইজিবাইকের মালিক বাবুল হোসেনের মোবাইলে রিয়াদের মুক্তিপণ ও ইজিবাইক ফিরিয়ে নিতে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
মুক্তিপণ চাওয়ার সূত্রধরে দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২৭), মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. হেলাল (২৩) ও একই গ্রামের বারিক মিয়ার ছেলে খবির হোসেনকে ঐ রাতেই গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। তাদের দেয়া তথ্যমতে হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে ঢাকা থেকে আটক করে হোমনা থানা পুলিশ। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক উপজেলা মনাইরকান্দি গ্রামের সড়কের পাশে বালির নিচ থেকে ২৯ নভেম্বর বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। আটককৃতরা থানা পুলিশের কাছে এবং আদালতে রিয়াদকে অপহরণ করে হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছেন হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান আজাদ।
ইত্তেফাক/জামান
