‘আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৮
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
 
আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ছবির হাটে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় মিত্রবাহিনীর সেনাদের স্মরেণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
ত্রাণ মন্ত্রী বলেন, দেশের গৌরবকে ধরে রাখতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আর যাতে কোনো দিন দেশের ক্ষমতায় আসতে না পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে লড়াই করতে হবে।
 
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মুহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামাসহ ২২টি সংগঠনের নেতারা।
 
মায়া বলেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায়, যারা এখনও বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করে না তাদের প্রতিহত করার একমাত্র হাতিয়ার আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা।
 
তিনি বলেন, কোনো অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি আর যাতে কোনো দিন দেশের ক্ষমতায় আসতে না পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
 
মন্ত্রী বলেন, আর সে লড়াই হলো আগামী নির্বাচনের ভোট যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে