স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নত দেশ গঠনে নির্বাচিত প্রতিনিধিদেরকে নেতৃত্ব দিতে হবে।
স্থানীয় সরকারের ৫টি স্তরে প্রায় ৬০ হাজার জনপ্রতিনিধি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের মূল দায়িত্ব পালন করে এলজিআরডি মন্ত্রণালয়। তাই জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে কাজ করলে জনগণ সকল কর্মকাণ্ডের সুফল পাবে।
আজ বুধবার সিরাজগঞ্জ পৌরসভা ভবন প্রাঙ্গণে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সংসদ সদস্য আব্দুর সবুর মণ্ডল, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না ও পুলিশ সুপার মিরাজ আহমেদ।
এলজিআরডি মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে, অন্যথায় জনগণের ভাগ্য নিয়ে আবারও ছিনিমিনি খেলা শুরু হবে।
তিনি বলেন, আগে বাংলাদেশের কথা আসলে অন্যরা মনে করতো ভিক্ষুকের দেশ। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশকে অবজ্ঞা করার সাহস কারো নেই। আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা যখন রূপকল্প ঘোষণা করেন, তখন অনেকে তীর্যক মন্তব্য করেছিল। আজ তাদের মুখে চুনকালি পড়েছে। বাসস
ইত্তেফাক/কেকে
