বেসিক ব্যাংকে অর্থ জালিয়াতি: জিজ্ঞাসাবাদে বাচ্চু নার্ভাস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:১১
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে নার্ভাস হয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। বুধবার সকাল ১০টা থেকে দুদক পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম টানা ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আবদুল হাই বাচ্চু অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দুদকের চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সুস্থবোধ করলে দুপুর তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তাকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পৌণে ৫ টার দিকে তিনি দুদক কার্যালয় থেকে চলে যান। তবে যাবার সময় সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করলেও তিনি কোন প্রশ্নের উত্তর দেননি। তখন তাকে অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল। 
 
এর আগে গত সোমবার তাকে এক দফা জিজ্ঞাসাবাদ করে দুদকের টিম। সেদিন দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না। তবে দুদকের তদন্তে তিনি সহযোগিতা করবেন।
 
এদিকে জিজ্ঞাসাবাদে আব্দুল হাই বাচ্চু অসুস্থ হয়ে পড়া প্রসঙ্গে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য ইত্তেফাককে বলেন, সকাল ১০টায় তিনি দুদক কার্যালয়ে পৌঁছানোর পরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। মামলা ধরে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে দুপুর ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন দুদক কার্যালয়ের চিকিৎসক ডা. জ্যোতির্ময় চৌধুরী তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি আরও বলেন, আবদুল হাই বাচ্চু হাইপারটেনশনের রোগী। সে কারণে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেলা দুইটার দিকে তিনি অসুস্থতা অনুভব করেন। তার মাথা-ঘাড় ও শরীর ঘেমে যায়।
 
এদিকে বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর মামলা তদন্তের জন্য দুদক টিম গত ২২ নভেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়। ওই নোটিশের প্রেক্ষিতে গত সোমবার দুদকে তিনি হাজির হন এবং দুদক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। 
 
দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাগুলোতে ২ হাজার ৬৫ কোটি টাকা অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগ করা হয়েছে। মামলায় আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা রযেছেন ২৬ জন। 
 
ইত্তেফাক/এমআই