কুয়াশায় পথ ঠিক রাখতে ফেরিতে রাডার স্থাপনের সুপারিশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:২১
শীতের ঘন কুয়াশায় যানবাহন পারাপার সচল রাখতে ও পথ ঠিক রাখার লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সব ফেরিতে রাডার স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি এই ফেরি চলাচলের পথে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করারও সুপারিশ করেছে।
 
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
 
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকায় শতশত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থাকতে হয়। এজন্য সংসদীয় কমিটি ফেরিতে রাডার স্থাপনের সুপারিশ করেছে।
 
বৈঠকে জানানো হয়, সারাদেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় প্রাথমিকভাবে ৫৩টি নদীর খনন কাজের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৪টি নদী খনন কাজের মধ্যে চারটি নদী খনন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ২০টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান। এই প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে সারাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ খনন করার মহাপরিকল্পনা নেয়া হয়েছে। বৈঠকে নৌপথ ড্রেজিংয়ের আগে অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করার সুপারিশ করা হয়। 
 
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- অ্যাডভোকেট রহমত আলী, শহীদুজ্জামান সরকার, আব্দুল মজিদ খান ও মীর মোস্তাক আহমেদ রবি অংশ নেন।
 
ইত্তেফাক/এমআই