এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ০৯:১৫
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ৭০১ কোটি টাকার ঋণ অনিয়ম এবং দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে আগামী দুই বছর তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও যোগদান করতে পারবেন না। গত মঙ্গলবার তার অপসারণপত্র অনুমোদন করেন গভর্নর ফজলে কবির। তবে ব্যাংকটিতে অপসারণ সংক্রান্ত চিঠি পাঠানো হয় বুধবার সকালে। 
 
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (১) ধারা অনুযায়ী এনআরবিসিবির এমডিকে অপসারণ করা হয়।
 
বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন দেওয়ান মুজিবুর রহমান। জানতে চাইলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী বুধবার সকালে বলেন, বিচার একজনের হলে হবে না। সবার হতে হবে। এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার পক্ষে মত দেন তিনি। 
 
সূত্র জানায়, অপসারণের প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে এনআরবিসিবির এমডি মুজিবুর রহমান ব্যক্তিগত শুনানিতে আগ্রহী কি-না তা জানতে চেয়ে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে গঠিত বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি চিঠি দেয়। একই রকম প্রক্রিয়া অনুসরণ শেষে এর আগে বেসিক ও অগ্রণী ব্যাংকের এমডিকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
 
ইত্তেফাক/এমআই